রাজাপুরে নির্দেশনা অমান্য করে কিন্ডারগার্টেনে চলছে ক্লাস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৮ পিএম

করোনা মহামারীতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঝালকাঠির রাজাপুরে ব্যতিক্রম দেখা গেছে। গত বুধবার থেকে সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার প্রায় ১২টি নুরানী কিন্ডারগার্টেন খোলা রেখে পাঠদান শুরু করেছে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানরা। এতে করোনাঝুঁকিতে পড়েছে উপজেলার প্রায় সাড়ে তিন হাজার শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা।

গতকাল শনিবার সকালে উপজেলা সদরের নুরানী কিন্ডারগার্টেন ও রাজাপুর নুরানী তালিমুল কুরআন মডেল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি না মেনেই শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছে। কোনো শিশু শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। এমনকি ওই সব প্রতিষ্ঠানের শিক্ষকরাও মাস্ক ব্যবহার না করেই ক্লাস নিচ্ছেন। ছিল না হাত ধোয়ার সাবান, পানির ব্যবস্থা বা হ্যান্ড স্যানিটাইজার। সামাজিক দূরত্ব কী, তারা যেন বোঝেই না।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, সরকারের নির্দেশনা অমান্য করে নিজেদের খেয়াল খুশিমতো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান শুরু করেছেন নুরানী কিন্ডারগার্টেনের প্রধানরা। কিছুদিন আগে উপজেলার আঙ্গারিয়ায় এভাবে একটি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান শুরু করে। ক্লাস শুরুর কয়েক দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর একে একে প্রায় ১০ জন শিক্ষার্থী জ¦র ও সর্দি-কাশিতে আক্রান্ত হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনা জানার পরও নুরানী কিন্ডারগার্টেনগুলো আবার সরকারি নির্দেশ ছাড়াই পাঠদান শুরু করেছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজরদারি দেখছি না।

শিক্ষার্থীদের অভিভাবক শেফালি বেগম, হাসি বেগম, কুরছিয়া বেগম, বিউটি বেগম বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কঠোর নির্দেশনার কারণে করোনার মধ্যেও বাচ্চাদের মাদ্রাসায় নিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা।

রাজাপুর নুরানী তালিমুল কুরআন মডেল মাদ্রাসার প্রধান ছিদ্দিকুর রহমান বলেন, নুরানী বোর্ডের মৌখিক অনুমতি পেয়ে গত বুধবার থেকে পাঠদান শুরু করেছি।

রাজাপুর নুরানী কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা জয়নুল আবেদীন বলেন, বিভিন্ন জায়গায় এ ধরনের প্রতিষ্ঠান খোলার খবর পেয়ে নুরানী বোর্ড থেকে আমরা প্রতিষ্ঠান খোলার অনুমতি নিয়ে ক্লাস শুরু করেছি। সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে কেন কয়েক শ শিক্ষার্থীকে করোনা সংক্রমণের ঝুঁকিতে ফেললেনÑএমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

শিক্ষকদের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে ‘বরিশাল নুরানী বোর্ড’-এর প্রধান মাওলানা আবদুল কাদেরকে কল দিলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘নুরানী কিন্ডারগার্টেনগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমিতির মতো একটা বোর্ড আছে। আমরা কোনো প্রতিষ্ঠান খোলার অনুমতি দিইনি। হাফেজি মাদ্রাসা খোলার দেখাদেখি নুরানী কিন্ডারগার্টেনগুলো খুলে থাকতে পারে।’

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার বলেন, শিশু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর পেয়ে প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে সতর্ক করা হয়েছে। এরপরও যদি তারা নির্দেশনা অমান্য করে ক্লাস চালু রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত