রূপগঞ্জ প্রেস ক্লাবের সাপ্তাহিক সভা চলাকালীন গতকাল শনিবার সকালে অস্ত্র দেখিয়ে মহড়া দিয়েছে ‘আলমাস বাহিনী।’ এ ব্যাপারে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ক্লাবটির এক সদস্য।
জিডিতে উল্লেখ করা হয়, হত্যাসহ বহু মামলার আসামি ইউপি চেয়ারম্যান আলমাসের ক্যাডাররা দুটি সাদা মাইক্রোবাসযোগে প্রেস ক্লাবের সামনে মহড়া দেয়। সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ক্লাবের ভেতরে থাকা সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জে কর্মরত জাতীয় বিভিন্ন দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার ৬৭ জন সাংবাদিক। এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রেস ক্লাবে হামলা চালায় আলমাস বাহিনী।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমাসকে মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জিডির সত্যতা স্বীকার করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।
