খেলোয়াড় থেকে কোচের দায়িত্বে কেকেআরের প্রবীণ তাম্বে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন আইপিএল খেলতে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়মের গ্যাঁড়াকলে কলকাতা নাইট রাইডার্সের ৪৮ বছরের ক্রিকেটার প্রবীণ তাম্বে হয়ে গেলেন কোচিং স্টাফ।

রোববার খবরটি নিশ্চিত করেছেন কেকেআরের ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর। ২০১৯ সালের ডিসেম্বরে প্রবীণ তাম্বেকে ২০ লাখ রূপিতে কিনে নিয়েছিল নাইট রাইডার্স।

কিন্তু প্রবীণ তাম্বের জন্য কেন এমনতর সিদ্ধান্ত নিল কেকেআর কর্তৃপক্ষ? ২০১৮ সালে আরব আমিরাতে অনুষ্ঠিত টি-১০ লিগে খেলেছিলেন তিনি। আর সেখানেই সমস্যা।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো ভারতীয় ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার আগে অবধি কোনও বিদেশি লিগ খেলতে পারবেন না। আর তাম্বে অবসর নেওয়ার আগেই সেই বিদেশি লিগ খেলে বড় ভুল করে ফেলেছিলেন। তা-ই কিছুটা বাধ্য হয়েই এমনতর সিদ্ধান্ত নিতে হয়েছে কেকআর কর্তৃপক্ষ।

কেকেআরের সঙ্গে না খেললেও, কিছুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ- সিপিএলে খেলেছিলেন প্রবীণ তাম্বে। ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে খেলে ৪৮ বছরের প্রবীণ বুঝিয়ে দিয়েছিলেন যে, বুড়ো হাড়ে ভেলকি দেখানো কাকে বলে!

ত্রিনবাগোর হয়ে মোট তিনটি ম্যাচে খেলানো হয়েছিল তাম্বেকে। প্রত্যেক ম্যাচেই ১টা করে উইকেট তুলে নিয়েছেন। দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রেখেছেন অবদান।

২০১৩ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তাম্বের। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৩৩টি ম্যাচ। পেয়েছেন ২৮টি উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত