কাঁঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক-ফেরি স্টাফদের সংঘর্ষে আহত ৪

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৬ পিএম

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে ট্রাক শ্রমিক ও ফেরির স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। 

ফেরিতে বেশি ট্রাক উঠানোর দাবি নিয়ে রবিবার দুপুরে কাঁঠালবাড়ি এ সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ফেরি ছেড়ে যাওয়ার পরে সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, নাব্যতা সংকটের কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে শুধুমাত্র কেটাইপ ও মাঝারি ২টি ফেরি চলাচল শুরু করে। 

রবিবার দুপুরে কে-টাইপ ফেরি কিশোরী শিমুলিয়া থেকে ৩টি ট্রাকসহ যানবাহনবোঝাই করে কাঁঠালবাড়ি ৩নং ঘাটে পৌঁছায়। ফেরিটি আনলোড হওয়ার পর দীর্ঘদিন ধরে ঘাটে আটকা ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবি জানান। কিন্তু ফেরিটির শুকানি জাকির হোসেন মাত্র ১টি ট্রাক নিতে চান।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ একে অপরের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ইটপাটকেল ছোঁড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন। খবর পেয়ে ঘাটে কর্তব্যরত জেলা পুলিশ ও শিবচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

ঘাটে কর্তব্যরত পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ফেরিতে ট্রাক বেশি উঠানো নিয়ে সংর্ঘষ বাধে। ওপার থেকে ৩টি ট্রাক নিয়ে পার হয় ফেরিটি। এপার থেকেও ট্রাক শ্রমিকরা ৩টি ট্রাক পার করার দাবি করে। ফেরি স্টাফদের দাবি নদীতে নাব্যতা সংকট থাকায় বেশি ট্রাক বহন করা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিআইডব্লিউটিএ’র মাদারীপুর কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আব্দুল হালিম জানান, ঐ ফেরিটা যাওয়ার পর আর কোনো ফেরি ছেড়ে যায়নি আর শিমুলিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে আসেনি। এখন পর্যন্ত সকল ফেরি বন্ধ আছে। ডুবচরের পরিস্থিতি ভালো হলে ফেরি চালু করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত