টিসিবির ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে চট্টগ্রাম নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সামনে মানুষের দীর্ঘ লাইন পড়ছে।
রবিবার থেকে নগরীর বিভিন্ন স্থানে প্রতি কেজি ৩০ টাকা দরে এ পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি।
সরেজমিন দেখা যায়, নগরীর জামালখান এলাকায় ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের কাছে সকাল ১১টার দিকে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে টিসিবির পেঁয়াজ। আর সেই পেঁয়াজ কিনতে পড়েছে দীর্ঘ লাইন। পেঁয়াজের জন্য লাইনে দাঁড়ানো রহমতগঞ্জ এলাকার বাসিন্দা আবদুর রশিদ এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, এমনিতে তরিতরকারি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়তি। তার ওপর কিছুদিন ধরে বেড়ে গেছে পেঁয়াজের দাম। দোকানে কোথাও কেজি ৪৫ টাকা আর কোথাও ৫০ টাকা দামে তা বিক্রি হচ্ছে। এ অবস্থায় ৩০ টাকা দামে টিসিবির পেঁয়াজ বিক্রিতে মানুষের মধ্যে কিছুটা স্বিস্ত আসবে। পেঁয়াজ ছাড়াও টিসিবির ট্রাক সেলে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে। পেঁয়াজের পাশাপাশি এসব পণ্যও কিনতে দেখা গেছে লোকজনকে।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে জানান, শনিবার থেকে চট্টগ্রামে খোলাবাজারে ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। এতে পেঁয়াজ, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ৫০ টাকা ও তেল ৮০ টাকা ও পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে একজনকে দুই কেজির বেশি পেঁয়াজ দেওয়া হচ্ছে না।
তিনি জানান, চট্টগ্রাম নগরীতে ১০টি স্পটে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। স্পটগুলো হলো- আগ্রাবাদ, বন্দর, কাস্টম মোড়, জামাল খান, অলংকার মোড়, দামপাড়া, বিডিআর হল, মুরাদপুর, কোতোয়ালি মোড় ও এনায়েত বাজার।
প্রসঙ্গত, ভারতে পেঁয়াজের দামবৃদ্ধির প্রভাবে চট্টগ্রামেও সম্পªতি রাতারাতি পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। ২০-২৫ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ দুই দিনের মাথায় খুচরা বাজারে ৪৫-৫০ টাকায় বিক্রি হতে থাকে। অভিযোগ ওঠে, আড়তদারদের একটি অসাধু সিন্ডিকেটের কারসাজিতে এ দরবৃদ্ধির ঘটনা ঘটে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের টিম খাতুনগঞ্জে অভিযানও চালায়। কিন্তু তাতেও দাম নিয়ন্ত্রণে আসেনি। এ পরিস্থিতিতে রবিবার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।
