কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে শত কোটি টাকার জমি রেজিস্ট্রেশনে টাকা বিনিয়োগকারী মহিবুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭টায় শহরের এনএস রোড থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম মহিবুলকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
গ্রেপ্তার মহিবুল ইসলাম কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী হাজী মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নিজেরাই ক্রেতা-বিক্রেতা সেজে রেজিস্ট্রেশন দলিলের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়ায় অন্যের জায়গা-জমি দখল করে আসছিল। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর শহরের এন এস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদ এই প্রতারক চক্রের ১৮ সদস্যের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন, সংঘবদ্ধ এই প্রতারক চক্র ক্রেতা-বিক্রেতা সেজে কুষ্টিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল সম্পাদন ও হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে বাদীর প্রায় ১০০ কোটি টাকা মূল্যের বাড়িসহ ভূ-সম্পত্তি দখলের চেষ্টা করেন।
গত ৯ সেপ্টেম্বর এই মামলার এজাহারভুক্ত আসামি কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য স্থগিত কমিটির সভাপতি আশরাফুজ্জামান সুজনসহ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার মহিবুল ইসলাম এই চক্রের প্রধান টাকা বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানালেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
