নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতদেহটি উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কলমাকান্দা থানা-পুলিশ।
মৃত গৃহবধূ রুমা আক্তার (২১) লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আল আমিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ফকর উদ্দিনের মেয়ে রুমার আক্তারের সঙ্গে একই গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিনের সামাজিকভাবে বিয়ে হয়।
এ দম্পতির তিন মাস বয়সী এক মেয়ে রয়েছে।
রবিবার দিবাগত মধ্যরাতে স্বামীর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকদের চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূকে আড়া থেকে উদ্ধার করে। ততক্ষণে রুমা আক্তারের মৃত্যু হয়। সোমবার সকালে পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এর আগে রবিবার রাত ৯টার দিকে মৃতের বাবা ফকর উদ্দিন মেয়ে ও জামাইসহ মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে তাদের পরিবারের (মৃতে রুমা আক্তারের ভাইয়ের সন্তান) সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর চার দিনের অনুষ্ঠানের দাওয়াত করে আসেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, সকালে খবর পেয়ে মৃতের স্বামীর ঘর থেকে গলায় ওড়না প্যাঁচানো লাশটি উদ্ধার করে দুপুরের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
