করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে পরলোক গমন করেন অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই শক্তিমান অভিনেতা। ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব তার দাফন সম্পন্ন হয়। এর আগে তালতলা কবরস্থান সংলগ্ন মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
বাচ্চুর পারিবারিক সূত্রে জানা গেছে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাদেক বাচ্চুর মরদেহ বিকেল ৩টায় বের করা হয়। করোনায় আক্রান্ত থাকার কারণে তার দাফনের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আল মারকাজুল। তারা বিকেল ৩টায় মরদেহ গোসলের জন্য নিয়ে যায়। সেখান থেকে তালতলায় নেয়ার পর মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তালতলা কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়৷
রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাদেক বাচ্চু নিউমোনিয়া ও হার্টের জটিলতায় ভুগছিলেন কিছুদিন ধরে। এর সঙ্গে যুক্ত হয় করোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাদেক বাচ্চুকে। হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষা করালে শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। এর পর তাকে ইউনিভার্সেল মেডিকেলে হওয়া হয়।
সাদেক বাচ্চুর জন্ম ১৯৫৫ সালে ঢাকায়। বেতার-টিভি-সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাঁচ দশকের ক্যারিয়ারে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’-এর সুবাদে ২০১৮ সালে খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
