শুধু বলিউড নয়, এবার রাজনীতির আঙিনাজুড়েও শুধুই কঙ্গনা রানৌত। মহারাষ্ট্রে শিবসেনা সরকারের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে এই একটা নাম। শিবসেনা বনাম কঙ্গনার আক্রমণ পাল্টা আক্রমণ থামার কোনো লক্ষণ নেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকার এখন উঠেপড়ে লেগেছে মুম্বাই থেকে কঙ্গনাকে চিরতরে উৎখাত করার জন্য। বলিউড নায়িকার অফিস ভেঙে দেওয়া হয়েছে। এবার তারা আরও বড় ধাক্কা দিতে চায় কঙ্গনাকে। জানা গেছে, কঙ্গনার অফিসের পর এবার তার বাসা ভাঙবে বলে মনস্থির করেছে মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাই বলিউড অভিনেত্রীকে তারা নোটিস পাঠিয়েছে। অভিযোগ করা হয়েছে, কঙ্গনার অফিস ও বাসা দুটিই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। কঙ্গনার এ মামলা এখন আদালতে বিচারাধীন। ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হবে।
এদিকে কঙ্গনা গত সোমবার সকালে এক টুইটে জানান, তিনি মুম্বাই ছাড়ছেন। ৯ সেপ্টেম্বর এ বলিউড অভিনেত্রী মুম্বাইয়ে পা রেখেছিলেন। মুম্বাইয়ে আসামাত্রই যে নিরাপত্তা তিনি পেয়েছিলেন, মুম্বাই ছাড়ার সময়ও একই নিরাপত্তা ছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পেয়েছিলেন। মুম্বাইয়ে পাঁচ দিনের সফর শেষ করে কঙ্গনা নিজের শহর মানালিতে ফিরেছেন। মুম্বাই ছাড়ার আগে তিনি টুইটে লিখেছেন, ‘রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরীসৃপ হয়ে গণতন্ত্রের ক্ষতি করছে। আমাকে দুর্বল ভেবে অনেক বড় ভুল করেছ। একজন নারীকে ভয় দেখিয়ে, তাকে নিচু দেখিয়ে, নিজের ইমেজ ধুলায় মিশিয়েছ।’ কঙ্গনা টুইটে আরও লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে মুম্বাই ছাড়ছি। এ কদিন ধরে আমাকে ভয় দেখানো হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। আমার অফিস ভাঙার পর এবার আমার বাড়ির দিকে নিশানা করা হয়েছে। আমার জন্য সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তাই আমি আবার বলতে চাই যে মুম্বাইকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সঙ্গে তুলনা করে আমি কোনো ভুল করিনি।’
