সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নতুনমাটি এলাকার বস্ত্র ব্যবসায়ী তপন ঘোষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বস্ত্র ব্যবসায়ীরা চেয়ারম্যান মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, শাহজাদপুর বস্ত্র ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি হাজী মুনছুর রহমান।
বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক রনি খান শান্ত, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল মোমিন, ইয়ামিন হোসেন, শফিকুল ইসলাম শফি প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। শাহজাদপুর উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে ব্যবসায়ী তাপন ঘোষকে তার ব্যবসা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট করে। এ সময় তার দোকানের কর্মচারিরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও মারপিট করে আহত করে। এতে কর্মচারী পলাশ সাহা (২৫), গোপাল দাস (৩০), চিরঞ্জিত (২৫) ও চন্দন(২০) আহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী তপন বাদী হয়ে ৮ জনের নামে থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পরপরই সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। আশাকরি অল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
