মোটরসাইকেল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুম মোল্লা (২৩) ও মো. ইমরান (৩০)। এ সময় তাদের হেফাজত হতে দুটি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও ৪টি চাকু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে সদ্য যোগদানকৃত ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, সাধারণত পাঠাও এবং উবারের রাইড শেয়ারিংয়ে অ্যাপস্ ব্যবহার করে গাড়ি ভাড়া করা হয়। ছিনতাইকারীরা ঘটনার দিন যাত্রীবেশে অ্যাপস্ ব্যবহার না করে ভিকটিমের মোটরসাইকেল ভাড়া করে উত্তরার ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ভিকটিমকে চাকু দিয়ে ভয় দেখিয়ে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় তিনি, ভবিষ্যতে যাত্রী এবং চালক উভয়কেই বিভিন্ন কোম্পানির রাইড শেয়ারিং অ্যাপস ব্যবহার করার জন্য অনুরোধ জানান।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট দুপরে তুরাগ থানাধীন ১৫নং সেক্টরস্থ ৫নং ব্রিজ সংলগ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে ভিকটিম মোটরসাইকেলসহ পৌঁছামাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেলের গতিরোধ করে।
পরবর্তী সময়ে ভিকটিমকে চাকু দ্বারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার এবং ১টি মোবাইল সেট ছিনতাই করে। উক্ত ঘটনায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা হয়।
মামলাটি গোয়েন্দা উত্তরা জোনাল টিম তদন্ত করে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। পরবর্তী সময়ে ১৫ সেপ্টেম্বর রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় অংশগ্রহণকারী মো. ইমরানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ৪ টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইমরানের দেয়া তথ্যমতে ধারাবাহিক অভিযানে ১৬ সেপ্টেম্বর, ২০২০ বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকা থেকে মাসুম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইকৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
