গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রাইম ব্যাংক লিমিটেডে বোমা নিয়ে এক যুবক প্রবেশ করে ব্যাংক ম্যানেজারকে জিম্মি করে টাকা লুটের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বুধবার রাতে বাসন থানায় মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে বাসন থানার পুলিশ আটক যুবক আবু সিদ্দিককে গাজীপুর আদালতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।
আটক ওই যুবকের নাম আবু বকর (৩২)। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।
আবু বকর গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকুরিচ্যুত শ্রমিক। তিনি বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করেন। বুধবার রাতে ওই যুবকের বোর্ড বাজারের বাসায় তল্লাশি চালায় পুলিশ।
এদিকে বুধবার বিকেলে প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করার পর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। তখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।
