সাবেক ক্রিকেটার এ এস এম ফারুকের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৮ পিএম

সাবেক জাতীয় ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি।

বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দেশের ক্রিকেটের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব এ এস এম ফারুক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি মোহামেডানের সাবেক অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা জয় করে মোহামেডান। ১৯৭৭ সালে ঢাকায় এমসিসির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। সে ম্যাচে খেলেছিলেন ফারুক।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়া পর দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তিনি দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে। ছিলেন টেকনিক্যাল কমিটির সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত