পিটিশনের পর অনাস্থা ভোটের মুখে বার্সা প্রেসিডেন্ট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৬ পিএম

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউয়ের বিপক্ষে দায়ের করা পিটিশনে ২০ হাজার ৭৩১ স্বাক্ষর জোগাড় করে অনাস্থা ভোটের ব্যবস্থা করেছেন ক্লাবের সদস্যরা।

গত জুলাইয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে অনাস্থা ভোটের আয়োজন করতে ১৬ হাজার ৫২১ স্বাক্ষরের প্রয়োজন ছিল।

কমপক্ষে ১০ ও সর্বোচ্চ ২০ কর্মদিবসের মধ্যে এসব স্বাক্ষরের বৈধতা বিবেচনা করার পর একটি স্মারকলিপি তৈরি করে ক্লাবের সদস্যরা কী চান সেটা ৪০ দিনের মধ্যে জানাতে হবে।

এরপরও বর্তমান বোর্ড যদি নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেয়া যাবে। তাতে যদি দুই-তৃতীয়াংশ ভোট বার্তোমেউয়ের বিপক্ষে যায় তখন নির্ধারিত সময়ের আগেই পদ ছাড়তে হবে তাকে এবং দ্রুত নতুন সভাপতি নির্বাচন হবে।

এমনিতে ২০২১ সালের মার্চে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

বার্সার বর্তমান প্রেসিডেন্ট বার্তোমেউয়ের সঙ্গে ঝামেলার কারণেই মেসি ক্লাব ছাড়তে চেয়েছিলেন। শেষ পর্যন্ত থেকে গেলেও সভাপতির সঙ্গে সম্পর্কের উন্নতি হয়নি। বার্সায় থাকার ঘোষণা দেয়ার দিন গোলডটকমকে সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভেবেছিলাম ক্লাব ছাড়তে আমার কোনো বাধা নেই। প্রেসিডেন্ট সব সময় বলেছেন, মৌসুম শেষে থাকা না থাকার বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো।’

‘এখন তারা বলছে আমি কেন ১০ জুনের আগে বললাম না। ওই সময়ে তো আমরা লা লিগা খেলছিলাম। করোনাও ছিল।’

‘প্রেসিডেন্ট বলেছেন আমার যাওয়ার একমাত্র উপায় ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ। এটা অসম্ভব। ঠিক এই কারণেই আমি থেকে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত