চাঁদপুরে নদী ভাঙনে হুমকিতে ধনাগোদা সেচ প্রকল্প

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫২ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হঠাৎ করে দেখা দিয়েছে মেঘনা নদীর ভাঙন। শুক্রবার রাত ৯টার দিকে এই ভাঙন দেখা দেয়। এতে ফরায়েজীকান্দি ইউনিয়নের দেড়শ’ মিটার এলাকা নদী ভাঙনের শিকার হয়েছে।

ঝুঁকিতে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ইরিগেশন প্রজেক্ট মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ।

খবর পেয়ে স্থানীয়রা বাঁশ, গাছের ডালপালা ফেলে তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধ রক্ষায় চেষ্টা চালায়। ইতিমধ্যে সেচ প্রকল্পের কর্তৃপক্ষ বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে ভাঙন রোধে।

স্থানীয় বাসিন্দা বাবু ও দীন ইসলাম বলেন, রাত ৯টার দিকে ফরায়েজীকান্দি এলাকায় মেঘনা নদীর পাড়ে ফাটল দেখা দিয়ে ব্লক ডেবে যায়।

বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ভাঙনরোধে তারা কাজ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, মতলব উত্তরের ফরায়েজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় ১৫০ মিটার এলাকায় মেঘনার ভাঙন দেখা দিয়েছে।

এতে ঝুঁকিতে রয়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ওই এলাকার বাঁধ। ভাঙনরোধে আমরা জিও ব্যাগ ড্যাম্পিং করা শুরু করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে।

বর্তমানে ভাঙন কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে রাতে আবার ভাঙন শুরু হলে সেচ প্রকল্প বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত