আহমদ শফীর জানাজায় অংশ নিতে লোকারণ্য হাটহাজারী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:২৭ পিএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় যোগ দিতে অনুসারীদের ঢল নেমেছে হাটহাজারীতে। এতে দৃশ্যত অচল হয়ে পড়েছে গোটা উপজেলা।

অতিমাত্রায় ভিড় তৈরি হওয়ার কারণে হাটহাজারী এলাকায় সড়কপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে উপজেলার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

এলাকাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ওপরে অবস্থিত হওয়ায় এই সড়কপথে জেলা দুটির মধ্যেকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের পাশাপাশি হাটহাজারী ও এর আশপাশের তিন উপজেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আল্লামা আহমদ শফীর মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পৌঁছায়।

আল্লামা শফীকে একনজর দেখতে ও জানাজায় শরিক হতে তার ছাত্র ও ভক্তরা হাটহাজারীতে ভোর থেকেই আসতে শুরু করেন। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অনেককে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়।

বেলা ২টায় জানাজা শেষ মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত