আনোয়ারায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৫

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার পিএবি সড়কে ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশাটি বাঁশখালী থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সেটি সকাল পৌনে নয়টার দিকে ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি সেতুর কাছাকাছি পৌঁছায়।

সেখানে অটোরিকশাটির সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আনোয়ারুল আজিম (২৮), অটোরিকশার যাত্রী আকতার হোসেন (১৮), মোহাম্মদ জিলন (৪০), আফজল হোসেন (১৮) ও মুজিবুর রহমান (৪০) আহত হন।

আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমরান হোসেন বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয়রা এগিয়ে এসে আহত লোকজনকে উদ্ধার করেন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে মোটরসাইকেল চালকসহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত