চীনে তথ্য পাচারের অভিযোগে ভারতে সাংবাদিক গ্রেপ্তার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম

ভারত থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ চীনে পাচারের অভিযোগে দেশটির রাজধানীতে এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিল্লি পুলিশ বিবৃতিতে জানিয়েছে, রাজীব শর্মা নামের ৬১ বছর বয়সী এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসায় ভারতের প্রতিরক্ষা বিভাগের ‘গোপন তথ্য’ পাওয়া গেছে।

ওই ব্যক্তির সঙ্গে চীনের এক নারী এবং তার নেপালি সঙ্গীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। প্রশাসনের দাবি, তাদের কাছে অনেক অর্থ ছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

গত ১৫ তারিখ রাজীবকে আদালতে তোলা হয়। ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে তাকে। ২২ তারিখ রিমান্ড শেষ হচ্ছে। অতীতে পাঞ্জাবের এক ইংরেজি দৈনিকে কাজ করতেন তিনি। এ ছাড়া একটি সংবাদ সংস্থার সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানান, চীনা গোয়েন্দাদের হাতে স্পর্শকাতর তথ্য তুলে দিচ্ছিলেন রাজীব শর্মা। এ ছাড়া চীনের ও নেপালের দুই নাগরিকও এর সঙ্গে যুক্ত। চীনা নাগরিক ভুয়া সংস্থার মাধ্যমে বিপুল টাকা দিচ্ছিলেন ওই সাংবাদিককে।

অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত