রংপুরে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় যুবক গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:১০ এএম

রংপুর নগরীর মধ্য গণেশপুর এলাকায় চাচাতো দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ মাহফুজার রহমান রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। রংপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গনেশপুর এলাকা থেকে সুমাইয়া আক্তার মীমের (১৬) মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শনিবার সকালে নিহত জান্নাতুল মাওয়ার বাবা অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।

ইতিমধ্যে বিভিন্ন আলামত জব্দসহ তাদের আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বেশ কয়েকটি দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। শুক্রবার সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত মীম ও মাওয়ার পরিবারের লোকজনদের থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই রাতেই নগরীর উত্তর বাবঁখা থেকে মাহফুজার রহমান রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আটক রিফাত নগরীর মুলাটোল মদিনাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। বাবূ খা এলাকার এমদাদুল ইসলামের ছেলে। নিহত মীমও ওই মাদ্রাসা থেকে এবারে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়।

রিফাতের সঙ্গে নিহত মীমের ভালোবাসার সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জান্নাতুল মাওয়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করেছে। গ্রেপ্তারকৃত যুবক হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত