বিড়ির ওপর শুল্ক কমানোর দাবিতে ভোক্তাদের মানববন্ধন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:২২ পিএম

বাজেটে বিড়ির ওপর ধার্যকৃত অতিরিক্ত ৪ টাকা শুল্ক কমানোর দাবিতে সিলেটে কাস্টমস অফিস ঘেরাও করে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তারা। রবিবার সিলেটের মেন্দিবাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধসহস্রাধিক বিড়ি ভোক্তা অংশ নেন।

ভোক্তারা বলেন, বিড়ি শিল্পের সঙ্গে সমাজের অসহায় হত দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নদী ভাঙন কবলিত এলাকার মানুষ জড়িত। বিড়ির ভোক্তারাও সমাজের দরিদ্র শ্রেণির। চলতি বাজেটে বিড়ির ওপর মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বিড়িতে প্যাকেট প্রতি যেখানে ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে সেখানে নিম্নস্তরের সিগারেটে মাত্র ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া মধ্যম স্তরের সিগারেটে কোন শুল্ক বৃদ্ধি করা হয়নি। ফলে দেশি শিল্প ধ্বংস করে বিদেশি সিগারেট ধূমপানে উদ্বুদ্ধ করছে। আমরা এ বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানান বিড়ি ভোক্তারা। দাবিগুলো হলো- ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর আরোপিত প্যাকেট প্রতি অতিরিক্ত ৪ টাকা শুল্ক প্রত্যাহার করতে হবে। সিগারেট যত দিন থাকবে বিড়িও তত দিন রাখতে হবে। নিম্নস্তরের সিগারেট প্যাকেট প্রতি ১০০টাকা করতে হবে। প্রতি প্যাকেট বিড়ি ১০ টাকা করতে হবে। নকল বিড়ির ব্যবসা বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সিলেট বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো. মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট শ্রমিক লীগের সভাপতি এনসান আলী। এতে সভাপতিত্ব করেন মো. সাহাবুদ্দিন। পরে তারা সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের বরবার স্মারকলিপি প্রদান করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত