ঢাকা ও চট্টগ্রাম ওয়াসায় বিতর্কিত ও দুর্নীতি অনিয়মের সাথে জড়িত বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান ও ফজুল্লাকে পুনঃনিয়োগ না দেবার আহবান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ষষ্ঠবারের মতো নিয়োগ পেতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে নিজেই সব আয়োজন করেছেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ক্যাব।
বিবৃতিতে জানানো হয়, কোনো প্রকার সার্চ কমিটি না করে ও নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ না করে এক ব্যক্তিকে বারবার নিয়োগ দিয়ে সরকারি নীতি উপেক্ষা করা হয়েছে। আর ওয়াসা পরিচালনা পর্ষদ কোন যুক্তিতে এক ব্যক্তিকে বারবার নিয়োগ দেওয়ার সুপারিশ করছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা ছিল না।
এতে স্বাক্ষর করেছেন- ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শঙ্কু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ ও সম্পাদক নিপা দাস।
