পুরান ঢাকায় সাংবাদিকের ওপর হামলা, ক্র্যাবের নিন্দা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩ এএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবীর টিপু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। দুর্বৃত্তদের দ্রুত আইনরে আওতায় আনারও দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৭টায় ৬২/খ নম্বর ইসলামবাগ (ঈদগাহমাঠ সংলগ্ন) আলীরঘাট রোডের শরিয়তপুর ফার্মেসির সামনে স্থানীয় রাশেদ কামাল ওরফে হজরত আলী ও তার ছোট ভাই বাদল আহম্মেদ এবং জাফর আহমেদ রানা (দক্ষিণ যুবলীগ নেতা) টিপুর ওপর অতর্কিত হামলা চালায়। এছাড়াও অকথ্য ভাষায় গালাগাল এবং টিপুকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

এ ঘটনায় ওই রাতেই চকবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক ইকরামুল কবীর টিপু।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের।

ঘটনার সুষ্ঠু তদন্তরে মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ক্র্যাব নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত