চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারের এক দোকান মালিক দুধের প্যাকেট চুরির সন্দেহে দোকানের কর্মচারীকে পিটিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দোকানের মালিকের ভাই এবং এক কর্মচারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে নগরীর রেয়াজউদ্দিন বাজারে এসএস টাওয়ারে এই ঘটনা ঘটে বলে জানায় সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।
নিহত রমজান আলী রাসেল (২২) আরাফাত স্টোর নামে একটি দোকানে কাজ করত। তার বাড়ি নেত্রকোণা জেলায়। বর্তমানে সে নগরীর আইস ফ্যাক্টরি রোডের ভাড়া বাসায় থাকে।
এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলো - দোকান মালিকের ছোট ভাই মো. আরমান (২৮) ও দোকানের অপর এক কর্মচারি মো. ইউনুস (৩৫)। তবে দোকানের মালিক মো. আরাফাত পলাতক রয়েছে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, রেয়াজউদ্দিন বাজারে এসএস টাওয়ারে ওই ভবনের নিচ তলায় আরাফাত স্টোর নামে একটি গুড়ো দুধ, আচার ও বিভিন্ন পণ্যের পাইকারী দোকান আছে। ওই দোকানের গুদাম একই ভবনের তৃতীয় তলায়। সকালে দোকানের গুদামে স্টক মেলানোর সময় দুধের প্যাকেটের কার্টন কম দেখে দোকানের মালিক আরাফাত কর্মচারী রাসেলকে সন্দেহ করে। চুরির বিষয়ে রাসেলকে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। তখন তাকে আটকে রেখে বেদম পিটুনী দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে রাসেল মারা যায়।
তিনি আরও বলেন, রাসেলের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও দোকান মালিক আরাফাত পলাতক রয়েছে।
