সাভারের আশুলিয়ায় মামলার আসামি সোহাগ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চারাল পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে এলাকার কথিত সোহাগ বাহিনীর প্রধান সোহাগের নির্দেশে দলের সেকেন্ড ইন কমান্ড রিপনের নেতৃত্বে এলাকায় একক রাজত্ব কায়েম করতে নূর আলম নামের এক পোশাক শ্রমিককে পায়ে গুলি করে এবং আরো চারজন পোশাক শ্রমিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। যাওয়ার সময় এলাকাবসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করতে একটি পোশাক কারখানায় ভাংচুর চালায় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এলাকায় ক্ষমতার জানান দিতে সোহাগ তার দলবল নিয়ে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটান বলে এলাকাবাসী জানিয়েছে।
সূত্র জানায়, সোহাগ দীর্ঘদিন ধরে এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় থেকে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছিলেন। তাঁর নিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিকের উপর সন্ত্রসী হামলা এবং গুলি করে আহত করার কারণে সোহাগকে তার বাড়ি থেকে সোমবার রাতে আটক করা হয়েছে।
