কুড়িগ্রামে আইপিএল নিয়ে জুয়া, একদিনে আটক ১৯

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৯ পিএম

কুড়িগ্রামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল নিয়ে জুয়ার অপরাধে একদিনেই আটক ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় নগদ টাকা, জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও টেলিভিশন সেট জব্দ করা হয়। আটকদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আইপিএল জুয়াবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে জেলার সব থানায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার কার্যালয় ও সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, উলিপুরে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। উপজেলার থেতরাই ইউনিয়নের বকসি বাজারের একটি ইলেকট্রনিকস দোকানে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ চলছিল।

ম্যাচ নিয়ে বাজি ধরেন ওই ইউনিয়নের হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের আবু মুছা (৩২), নুর ইসলাম (২২), বদিউজ্জামান (২৫), আনিছুর মণ্ডল (৩০), শাহীন আলম (১৭), সুজন মিয়া (১৯), বকুল মিয়া (২৪) ও রাজু মিয়াকে (৩৫) আটক করা হয়।

এ সময় ৮টি মোবাইল ফোন, ২ হাজার ৮৪০ টাকা ও একটি টেলিভিশন জব্দ করা হয়। আটকদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে রাজারহাট থানার আইপিএল জুয়াবিরোধী অভিযানে অংশ হিসেবে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দর গ্রাম, পুটিকাটা স্কুল সংলগ্ন রতনের চায়ের দোকানে পুলিশি অভিযান পরিচালিত হয়।

এ সময় খেলায় জুয়ারত অবস্থায় ১১ জনকে আটক করা হয়। সেখান থেকে একটি টেলিভিশন সেট জব্দ করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, আইপিএল নিয়ে যাতে জুয়া খেলতে না পারে, সেজন্য সন্ধ্যার পর কোনো চায়ের দোকানে টিভি সেটের সামনে কাউকে ভিড় করতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকে এ ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। কেউ যদি এই খেলাকে কেন্দ্র করে জুয়া খেলে, তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত