ঢাকা-২ আসনের সাংসদ ও সাবেক খাদ্য মন্ত্রী এ্যাড. কামরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করার দায়ে আলী আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সোমবার রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি মোবাইল ফোন ও ১ টি পেন ড্রাইভ।
ডিবির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. নাজমুল হক দেশ রূপান্তরকে জানান, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে সাংসদ ও সাবেক মন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম তার সংসদীয় এলাকার ইউসুফ ও আলী আহমেদের মধ্যে ডিশ ব্যবসার দেনা-পাওনা নিয়ে বিবাদ মীমাংসা করতে ফোন দেন। ফোনে সাবেক মন্ত্রী আলী আহমেদকে পাওনা টাকা প্রদান করে বিষয়টি নিষ্পত্তি করতে বলেন।
আলী আহমেদ সেই ফোনালাপ রেকর্ড করে আলাপের অংশ বিশেষ ‘এমপি কামরুল ইসলামের চাঁদাবাজি’ বলে ড. কনক সারোয়ারের সাথে যোগসাজশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে ভাইরাল করে দেয়।
পরবর্তীতে এড. কামরুল ইসলাম বাদী হয়ে গত ১২সেপ্টেম্বর কামরাঙ্গীচর থানায় আলী আহমেদ ও ড. কনক সারোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গত রবিবার মামলাটি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে হস্তান্তর করা হয়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার ২ নম্বর আসামি আমেরিকাতে অবস্থান করছে বলে জানা গেছে।
