স্বরূপে ফিরলেন জকোভিচ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪ এএম

লাইন জাজের গায়ে বল মারার শাস্তি হিসেবে ইউএস ওপেন থেকে বহিষ্কার হয়েছিলেন নোভাক জকোভিচ। এরপর ৫-৬ দিনের বিশ্রাম। এই সময়ে নিজেকে খুব করে প্রস্তুত করেছেন পরের লড়াইয়ের জন্য। সেই প্রস্তুতিটা যে ষোলোআনা সফল হয়েছিল তা প্রমাণ করলেন সার্বিয়ান কিংবদন্তি ৩৬তম এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট শিরোপা জিতে। সোমবার ইতালিয়ান ওপেনের ফাইনালে আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এই জয়ে এটিপি মাস্টার্স শিরোপা সংখ্যায় রাফায়েল নাদালকে ছাড়িয়ে গেছেন জকোভিচ।

এবারের সাফল্যে এটিপি র‌্যাঙ্কিংয়ে জকোভিচের শীর্ষস্থান আরও মজবুত করল। র‌্যাঙ্কিংয়ের সেরা হিসেবে ২৮৭তম সপ্তাহ শুরু করলেন জকোভিচ। ছাড়িয়ে গেলেন ২৮৬ সপ্তাহে শীর্ষে থাকা ‘আইডল’ পিট সাম্প্রাসকে। জকোভিচের সামনে আছেন কেবল ৩১০ সপ্তাহ র‌্যাঙ্কিং শীর্ষে থাকা রজার ফেদেরার। গত ৩ ফেব্রুয়ারি থেকে র‌্যাঙ্কিং শীর্ষে আছেন জকোভিচ।

সোমবার থেকে এবারের ফ্রেঞ্চ ওপেন। আরেকটি গ্র্যান্ড স্ল্যামের আগে নিজের আত্মবিশ্বাস ভালোভাবে ফিরে পেয়েছেন জকোভিচ ইতালিয়ান ওপেন জয়ে। ‘লালমাটির রাজা’ নাদালকে চ্যালেঞ্জ দেওয়ার মতো প্রস্তুতি আছে তার এবার। তবে এখনো কিছু জায়গায় উন্নতির অবকাশ আছে বলে জানান জকোভিচ, ‘ফ্রেঞ্চ ওপেনে নাদালের যে রেকর্ড, সেখানে তার ওপরে কেউ ফেভারিট হতে পারে না। নাদাল এই টুর্নামেন্টে হেরেছে ঠিকই কিন্তু ফ্রেঞ্চ ওপেন আলাদা বিষয়। সেখানে ভুলগুলো না ঠিক করে কোর্টে নামা বোকামি হবে। আমি অবশ্যই সেসব নিয়ে কাজ করব।’

ইতালিয়ান ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন সিমোনা হালেপ। ফাইনালে ক্যারোলিন প্লিসকোভা দ্বিতীয় সেট থেকে সরে দাঁড়ালে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যান হালেপ। এমনিতেও প্রথম সেট ৬-০তে জেতা হালেপ দ্বিতীয় সেটে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। এক বছর বিরতি দিয়ে কোর্টে ফিরেই আবার চ্যাম্পিয়ন হলেন হালেপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত