২০২১ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে স্ক্যান্ডিনেভিয়ার দুই আইন প্রণেতাকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই আইন প্রণেতাই মার্কিন প্রেসিডেন্টের ফোন পেয়েছেন বলে মঙ্গলবার এএফপি’র খবরে জানানো হয়েছে।
খ্রিস্টান ডেমোক্র্যাটসের সুইডিশ সংসদ সদস্য ম্যাগনাস জ্যাকবসন টুইটারে লিখেছেন- “আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় ছিলাম, এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন করায় ফোন করে ধন্যবাদ জানান।”
“মধ্যপ্রাচ্য ও বলকান অঞ্চলে শান্তি সম্পর্কে আমাদের মধ্যে সুন্দর কথা বার্তা হয় এবং আমি প্রেসিডেন্টের শান্তি প্রক্রিয়াসমূহের প্রতি শুভেচ্ছা জানাই।”
এদিকে ডানপন্থী অভিবাসন বিরোধী প্রগ্রেস পার্টি নেতা নরওয়ের এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং-গিজেডে ইতোমধ্যে এএফপিকে জানিয়েছেন, তিনিও সোমবার ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছেন।
কথোপকথনের বিস্তারিত প্রকাশে অস্বীকার করে তিনি বলেন, “মনোনয়নের জন্য আমাকে ধন্যবাদ জানাতেই তাকে ফোন করা হয়। আমি অবাক হয়ে যাই। এটা তো তার জন্য একটা ভাল কাজ। সবাই তো এমনটি করে না।”
টাইব্রিং-জিজেডে এবং জ্যাকবসন সেপ্টেম্বরের গোড়ার দিকে ঘোষণা করেছিলেন যে, তারা দু’জনেই ২০২১ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ট্রাম্পের নাম পাঠাবেন।
