টর্নেডোর আঘাতে ছয় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৭ এএম

নওগাঁর আত্রাই উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে প্রায় ছয় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রামে ও বিশা ইউনিয়নের ইসলামগাতী গ্রামের ওপর দিয়ে টর্নেডো আঘাত হানে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

টর্নেডোর কারণে বিদ্যুতের পাঁচটি খুঁটি ভেঙে যাওয়ায় এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ায় আত্রাই থেকে সিংড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সড়কে পড়ে থাকা গাছপালা অপসারণের চেষ্টা চালাচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম দেশ রূপান্তরকে জানান, হঠাৎ টর্নেডোর আঘাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম ও বিশা ইউনিয়নের ইসলামগাতী গ্রামের প্রায় ছয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে তাদের গৃহ নির্মাণে সহায়তা করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত