দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে ফেলেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে সিউল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডকে 'নিষ্ঠুর কর্মকাণ্ড' বলে এর নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হচ্ছে যে, এ ঘটনার জন্য তাকে দায় নিতে হবে।
সীমান্তের কাছে একটি টহল বোট থেকে ওই কর্মকর্তা নিখোঁজ হন বলে সিউল জানায়। এরপর উত্তর কোরিয়ার জলসীমানায় তার লাশ পাওয়া যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার সেনারা ওই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। এরপর তার শরীরে তেল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানায় দক্ষিণ কোরিয়া।
তবে সিউলের এ অভিযোগের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং।
