জলবায়ু পরিবর্তনের প্রতিশ্রুত অনুদান দেওয়ার দাবি টিআইবির

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৫ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত অনুদান দিতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলে, জলবায়ু পরিবর্তন ঠেকাতে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে রাজনৈতিক নেতৃত্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য বৈশ্বিক পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের গড়ে ওঠা আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’র উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বৈশ্বিক ক্লাইমেট অ্যাকশন দিবস পালনের আহ্বান জানানো হয়েছে।      

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি এড়াতে প্যারিস চুক্তি অনুযায়ী পৃথিবীর তাপমাত্রা কমপক্ষে ২ ডিগ্রি ও ক্রমান্বয়ে তা ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার যে লক্ষ্য নির্ধারিত হয়েছিল, তা উপেক্ষার কোনো সুযোগ নেই। কোভিড-১৯ সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের নামে শিল্পোন্নত দেশগুলোর উদ্যোগে গ্রিন রিকভারির প্রস্তাব করা হলেও প্রধান কার্বন-নিঃসরণকারী যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ এ ব্যাপারে উল্টো অবস্থান গ্রহণ করেছে। এতে বৈশ্বিক গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ঝুঁকি উদ্বেগজনকভাবে বাড়ছে।

বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়কে দেয়া প্রতিশ্রুতির পথ থেকে সরে এসে উল্টো পরিবেশধংসী প্রকল্পের পথে হাঁটছে উল্লেখ করে সেখান থেকে সরে আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। 

শিল্পোন্নত রাষ্ট্রসমূহের প্যারিস চুক্তির অঙ্গীকার মেনে জলবায়ু প্রশমনে অনতিবিলম্বে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো ও ক্ষতিগ্রস্ত দেশসমূহকে প্রতিশ্রুত তহবিল নিশ্চিতে স্কুলশিক্ষার্থীদের ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানায় টিআইবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত