লম্বা কলসি থেকে কাকের পানি পানের কথা মনে আছে? ওই যে নুড়িপাথর ফেলে-ফেলে গল্পের কাক পানি খেয়েছিল। এমন বুদ্ধি তো শুধু মানুষেরই থাকার কথা। তাহলে কাককে নিয়ে এভাবে গল্প লেখা শুধুই কি ‘গল্প’?
পিয়ার-রিভিউড জার্নাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণা বলছে, কাকের আসলেই অমন বুদ্ধি আছে। সে নিজে কী জানে, তা সে মনে রাখতে পারে। মনে রাখা কনটেন্ট (ঘটনা বা বিষয়বস্তু) বিশ্লেষণ করতে পারে। এমন ক্ষমতা এই পৃথিবীতে মানুষের পাশাপাশি হাতেগোনা কয়েকটি প্রাণীর আছে।
গবেষণাটির সঙ্গে যুক্ত না থাকা কাক বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের জন মারজলুফ এমন ফলাফলকে স্বাগত জানিয়েছেন, ‘এটি দারুণ খবর। কাকের ক্ষুরধার মস্তিষ্ক সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। আশা করছি সায়েন্সের গবেষণা প্রতিবেদনের পর আরও অনেক তথ্য বেরিয়ে আসবে।’
কাক নিজের ভাবনা বিশ্লেষণ করতে পারে কি না, এটি বুঝতে জার্মানির বিজ্ঞানীরা দুটি কাককে প্রশিক্ষণ দেন। এরপর একটি প্যানেল থেকে তাদের দুটি রং নির্বাচন করতে বলা হয়। শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে মনিটর করা হয় তাদের ব্রেন।
এই টাস্কের সময় কাকের মস্তিষ্কের কয়েক শ নিউরন ট্র্যাক করেন বিজ্ঞানীরা।
রং নির্বাচনের সময় কাকেরা কী দেখেছে, সুপ্ত আলোর উপস্থিতি তারা বুঝেছে কি না, আগে থেকে নির্ধারণ করে রাখা রং তারা পিক করতে পেরেছে কি না, এসব বিষয় বিশ্লেষণ করা হয়।
বিজ্ঞানীদের দাবি, অধিকাংশ প্রশ্নের উত্তরই ‘হ্যাঁ’।
