সাংস্কৃতিক ব্যক্তিরা সরকারের পৃষ্ঠপোষকতায় মহাউৎসাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্যতম কুৎসায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা মানেই রণাঙ্গনের সব মুক্তিযোদ্ধাকেই অপমান করা। দেশের জনগণই এর উপযুক্ত জবাব দেবে।
গতকাল শুক্রবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সাংস্কৃতিক অঙ্গনের কতিপয় পদলেহী অর্বাচীন ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টায় নিরন্তর কাজ করছেন। ‘মান্নান হীরা’ নামে এক ব্যক্তি আওয়ামী লীগের নেকনজর পাওয়ার জন্য ‘ইনডেমনিটি’ নামে তথাকথিত বিকৃত ইতিহাসের নাটক লিখে তাদের সাংস্কৃতিক জোটের নামে সারা দেশে মঞ্চায়ন করে বেড়াচ্ছেন গত এক বছর ধরে।
নাটকের সঙ্গে জড়িত ও নেপথ্যের কুশীলবদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের স্বীকার করা মধ্যরাতের নির্বাচনে ক্ষমতায় চেপে বসা এই সরকার কখনই সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রকে বিশ্বাস করে না। সীমাহীন লুটতরাজ, খুন-গুম, ক্রসফায়ারসহ নৈরাজ্য আর ব্যাপক রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্বারা দেশকে নরকে পরিণত করেছে গত সাড়ে ১২ বছর ধরে। এসব নিয়ে আপনারা নীরব কেন? এসব নিয়ে আপনাদের নাটক কোথায়?
