বগুড়ায় ২০ জনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে, অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া থেকে তানজিমুল ইসলাম রিয়ন (২২) নামে ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়ার রিয়ন দুপচাঁচিয়ার চৌধুরীপাড়ায় নানা আবু সাঈদ ফকিরের বাড়িতে থেকে দুপচাঁচিয়া জে কে কলেজে বিএসএস ১ম বর্ষে লেখাপড়া করেন।
গতকাল শুক্রবার বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রিয়ন বগুড়া শহরের এক স্কুলছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর ভিডিও কল করে তার বিভিন্ন অশ্লীল ছবি ধারণ করে রাখেন। পরে মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেল করে প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন।
পুলিশ পরিদর্শক তুহিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জব্দকৃত ডিভাইস চেক করে দেখা যায়, রিয়নের সঙ্গে একাধিক মেয়ের প্রেমের সম্পর্ক আছে। মেয়েদের সঙ্গে বিভিন্ন যোগাযোগমাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় রিয়ন স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে পরে ব্ল্যাকমেল করে টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতেন। তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
