মোবাইলে গেমস খেলতে মানা, স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:১২ এএম

মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস খেলতে নিষেধ করায় ও মা বকাঝকা দেওয়ায় অভিমানে রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে নীরব বেপারী (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে মাদারীপুর কালকিনি উপজেলার ঠেংগামাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নীরব ঠেংগামাড়া এলাকার আবদুল কাশেম বেপারীর ছেলে ও কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে মোবাইলে গেমস খেলতে থাকে নীরব। রাত ৯টার সময় নীরবের মা পড়ালেখা বাদ দিয়ে গেমস খেলতে ছেলেকে নিষেধ করে বকাঝকা করেন। পরে রাতে নীরব না খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে নীরবকে ডাকতে গেলে রুমে গিয়ে দেখে সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছে। খবর পেয়ে গতকাল সকালে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

কালকিনি থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা সকালে খবর পেয়েছেন ঠেংগামাড়া এলাকায় নীরব বেপারী নামে অষ্টম শ্রেণির স্কুলছাত্র মোবাইলে গেমস খেলতে নিষেধ করা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত