ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২২

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০৭ এএম

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। মোট ২৭ আরোহীর মধ্যে দুজন মারাত্মক আহত হয়েছেন। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের খারকিভ শহরের কাছে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

সরকারি জরুরি বিভাগ জানায়, বিমানে মোট ২৭ জনের মধ্যে ২০ জন প্রশিক্ষণার্থী ও ৭ জন ক্রু ছিল।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রশিক্ষণকাজে ব্যবহৃত অ্যানটোনোভ-২৬ বিমানটিতে খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটির প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা ছিলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে জানিয়ে জরুরি বিভাগ জানায়, পূর্ব ইউক্রেনের রাশিয়ানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এ দুর্ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তার কোনো সূত্র পাওয়া যায়নি।

চুহাইভ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সরকারি বাহিনী রাশিয়ানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আন্তন গেরাশ্চেনকো বলেন, ‘এটি বড় ধাক্কা। এ মুহূর্তে কারণ জানানো অসম্ভব। তদন্ত চলছে।’

শনিবার ওই অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভোলডাইমার জেলেনস্কি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত