নিখোঁজের ১০ দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি ঝিনাইদহ শহরের এক ব্যবসায়ী আশিকুর রহমান। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামে। আশিক বেঁচে আছে নাকি মারা গেছেন তাও জানে না তার পরিবার। সন্তানের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা।
এ ঘটনার পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় গত ১৭ সেপ্টেম্বর বন্ধু মোরশেদের নামে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত আশিকুর রহমানের সন্ধান দিতে পারেননি।
আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সঙ্গে শহরের মহিলা কলেজ পাড়া এলাকার মোরশেদের দীর্ঘদিন সখ্যতা ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিকুর রহমান। মোরশেদের সঙ্গে গাড়িতে যশোর যান। গাড়িতে যাওয়ার সময় তারা ফেইসবুকে ছবিও পোস্ট করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনো পর্যন্ত তার ফোন বন্ধ রয়েছে। মোরশেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। এরপর থেকে মোরশেদের ফোন বন্ধ পাওয়া যায়।
বড় ভাই হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তার কাছে ৫০ হাজার টাকা ছিল। ওই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারণা করছি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি জিডি হয়েছে। সেই সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খোঁজ করার চেষ্টা করছি। আশা করি দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।
