নব্বইয়ের ডাকসু নেতাদের বিবৃতি

সরকারের কর্মকাণ্ডে সোচ্চার হওয়ায় নুরকে হেনস্তা করা হচ্ছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৭ এএম

ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, দেশবিরোধী নানা কর্মকাণ্ডে সোচ্চার হওয়ায় সরকার নাখোশ হয়ে নুরকে হেনস্তা করার নীতি গ্রহণ করেছে। যা গণবিচ্ছিন্ন সরকারের রাজনৈতিক দেউলিয়াত্বকেই নগ্নভাবে উন্মোচিত করেছে।

সরকারকে এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নেতারা ছাত্রসমাজ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ করেছেন।

নেতারা বলেন, বিরোধী দল ও মতকে দমন করার ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবে নুরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারী নির্যাতনের মিথ্যা মামলায় জড়িয়ে সরকারি বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিকভাবে নিপীড়নের ঘৃণ্য পথ বেছে নিয়েছে।

বিবৃতিদাতারা হলেন আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফ উদ্দিন আহমেদ মনি, খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান আসাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত