দিনাজপুরে টানা কয়েক দিনের বৃষ্টিপাতে শহরের বেশির ভাগ জায়গায় পানি বিপদ সীমার ওপরে উঠেছে। অনেক বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের ভেতর পানি ঢুকেছে।
দিনাজপুর পৌরসভার খারাপ ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিপদে পড়েছেন কয়েক লাখ মানুষ।
এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে দিনাজপুর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের। টানা বৃষ্টিপাতের কারণে সরকারি সিটি কলেজের ভেতর হাঁটু পানি ঢুকেছে। এতে কলেজে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ভেতরে প্রবেশের জন্য সাঁকো হিসেবে ব্যবহার করা হচ্ছে কলেজের বেঞ্চ!
কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, তিন বছর ধরে এই সমস্যার কথা বিভিন্ন দপ্তর, পৌরসভাকে জানিয়েও কোন কাজ হয়নি। হালকা বৃষ্টিতেই কলেজের সামনে ও ভেতরে পানি ঢুকে পাঠদান ব্যাহত হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে পুরো কলেজের ভেতর পানি প্রবেশ করায় এবার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা ভেতরে প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে কলেজের বেঞ্চ সাঁকো হিসেবে ব্যবহার করতে হচ্ছে।
রবিবার দিনাজপুর সরকারি সিটি কলেজে এইচএসসিতে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, কলেজে ভর্তি হতে আসতেই যদি এ রকম বাজে চিত্র দেখতে হয় তাহলে ভর্তির পরে কত ভোগান্তি হবে সেটা ভেবেই এই কলেজে ভর্তি হতে ইচ্ছে করছে না!
দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বিশ্বাস বলেন, তিন বছর হতে চলল পানি নিষ্কাশন ভোগান্তির প্রতিকার সম্ভব হয়নি। জেলা প্রশাসক, পৌর মেয়রকে বিষয়টি জানালে তারা এ ভোগান্তি থেকে পরিত্রাণের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলাবদ্ধতার মধ্যে থাকতে হচ্ছে। এই পানি নিষ্কাশনের জন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে পাইপ লাইনের ব্যবস্থা করেছি। বর্তমানে আমাদের কলেজে ভর্তি কার্যক্রম চলছে। জলাবদ্ধতার দুর্ভোগের কারণে আমরা পাঠদান ও ভর্তি কার্যক্রম নিয়ে শঙ্কিত।
