বিচার বিভাগ নিয়ে ফেইসবুক পোস্ট: ইউনুস আলীকে আইনি পেশায় বিরত থাকার নির্দেশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:১২ পিএম

বিচার বিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দকে দুই সপ্তাহ আইনি পেশা পরিচালনায় বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ  আদালত।

একই সঙ্গে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেছে আপিল বিভাগ। ১১ অক্টোবর আপিল বিভাগে তাকে হাজির হতে বলা হয়েছে।

ইউনুস আলীর ফেইসবুকের ওই স্ট্যাটাস রবিবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা নজরে আনলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। আদেশে ইউনুস আলী আকন্দের ফেইসবুক অ্যাকাউন্ট ব্লক ও আপত্তিকর স্ট্যাটাস অপসারণ করতে বিটিআরটিসিকে (বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা) নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগ এ বিষয়ে আদেশের আগে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, ফিদা এম কামাল, আব্দুল মতিন খসরু, মনজিল মোরসেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের বক্তব্য শোনেন। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনার পর আদালত আমাদের বক্তব্য শোনেন। আদেশে আইনজীবীকে (ইউনুছ আলী আকন্দ) দুই সপ্তাহ আইনি পেশা থেকে বিরত থাকতে বলেছেন আদালত। একই সঙ্গে তাকে শোকজসহ ওই তারিখে হাজির হতে বলেছে আপিল বিভাগ।’ 

জানতে চাইলে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রবিবার বিকেলে বলেন, ‘আমি এখনো আদালতের আদেশ পাইনি। আদেশ পেলে ব্যাখ্যা দিতে হাজির হব।’

বিভিন্ন ঘটনার প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করে আলোচিত ইউনুস আলী আকন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) প্রতীক লাঙ্গল নিয়ে ঢাকা-৮ এ নির্বাচন করে হেরে যান।

সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুব ফেইসবুকে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর মন্তব্য করলে বিষয়টি নজরে আনার পর তাকে তলবসহ আদালত অবমাননার রুল জারি করে আপিল বিভাগ। এরপর ২০ আগস্ট আইনজীবী আদালতে হাজির হয়ে ভার্চ্যুয়ালি উপস্থিতির মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে ২৩ আগস্ট এক আদেশে সর্বোচ্চ আদালত তাকে সতর্ক করে বিষয়টি নিষ্পত্তি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত