সোনাগাজীতে পানির পাইপে আটকে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০১ এএম

ফেনীর সোনাগাজীতে জামশেদ আলম (২৭) নামে এক যুবক পানি চলাচলের পাইপে আটকা পড়ে মারা গেছেন।

রবিবার বিকেলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের নদী ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের খাল্লাগো বাড়ির আমির হামজার ছেলে জামশেদ আলম নিজের মালিকীয় মৎস্য খামারের বাঁধের পাইপের পানি ছেড়ে দিয়ে গোসল করছিলেন। এ সময় পানির তীব্র স্রোতে তিনি পাইপের ভেতরে আটকা পড়ে যান।

পরে খবর পেয়ে স্থানীয় জনতা ও সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করেন। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবাসহ নিকটতম লোকজনের আবেদনের প্রক্ষিতে পুলিশ সুপারের সঙ্গে আলোচনাক্রমে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত