বলিউড তারকাদের মাদকযোগের খবর প্রকাশে ভারতীয় মিডিয়া চলছে তুমুল প্রতিযোগিতা। এমন প্রেক্ষাপটে দুর্ঘটনায় আশঙ্কায় সংবাদকর্মীদের সতর্ক করলো মুম্বাই পুলিশ।
শনিবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জিজ্ঞাসাবাদে হাজির হন দীপিকা পাড়ুকোন। সেই সময় তার গাড়ি তাড়া করছে একটি সংবাদ চ্যানেলের গাড়ি, ওই ভিডিও ভাইরাল হওয়ার পর সাংবাদিকদের সতর্ক করে পুলিশ।
মুম্বাই জোন ওয়ান পুলিশের ডেপুটি কমিশনার সংগ্রাম সিং নিশান্দার বলেন, ‘‘এনসিবি যাদের ডাকছে, তাদের গাড়ি যেভাবে তাড়া করছে বিভিন্ন সংবাদমাধ্যমের গাড়ি, তা সত্যিই উদ্বেগজনক। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, গাড়ির চালক বা পথচারী, যে কেউ-ই আহত হতে পারেন। ভবিষ্যতে এ রকম কিছু ঘটলে, আমরা গাড়ি বাজেয়াপ্ত করব ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
এ দিকে রিয়া চক্রবর্তীকে অভিযুক্ত করে যে মাদক মামলা চালাচ্ছে এনসিবি, তাতে যেন তার নাম না জড়ায় সংবাদমাধ্যম— দিল্লি হাইকোর্টে এ আরজি জানালেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।
আবেদনে লেখেন, এনসিবি যত দিন পর্যন্ত রিপোর্ট পেশ না করছে, তত দিন যেন তাকে এই মামলায় জড়িয়ে কোনো খবর প্রকাশ না হয়। এই মর্মে কেন্দ্র, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া এবং নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিক আদালত, আবেদনে জানিয়েছেন রাকুল। আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি হবে।
২২ সেপ্টেম্বর হঠাৎ টিভি চ্যানেলে দেখেন, ২৩ সেপ্টেম্বর তাকে মুম্বাইয়ে ডেকেছে এনসিবি। সে দিন সন্ধ্যাবেলাই তিনি মুম্বাইয়ে পৌঁছেছেন, এমন ‘খবর’ও দেখানো হচ্ছিল। অথচ তখন হায়দরাবাদেই ছিলেন। পরের দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সকালে হোয়াটসঅ্যাপে তাকে সমন পাঠায় এনসিবি, এরপরই মুম্বাই গিয়ে গোয়েন্দাদের মুখোমুখি হন রাকুল।
