মাগুরায় দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুতে তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে দুই লাখ ও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে ছয় লাখ টাকা সহায়তার ঘোষণা আসে।
সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাতে গিয়ে এ ঘোষণা দেন। সংসদ সদস্যের দুই লাখ টাকা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তরও করা হয়েছে।
সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ক্ষতিগ্রস্তদের সান্ত¡না দিতে গিয়ে বলেন, ‘সরকার আপনাদের পাশে রয়েছে। আপনাদের বিপদ-আপদে আমরাও এগিয়ে আসব।’
মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল জানান, ‘ঘটনার পরপরই পৌরসভার পক্ষ থেকে হতাহতদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়। তারা সবাই দরিদ্র পরিবারের সন্তান। দুর্ঘটনায় মৃতদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আহত দুই শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করছে পৌরসভা।
মেয়র টুটুল বলেন, পৌর নাগরিকদের অনেকেই বাড়ি নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা ও পয়ঃনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনের জায়গা রাখেনি। বিষয়টি নিয়ে বারবার নাগরিকদের অবহিত করেছি। কিন্তু তারা সে বিষয়ে গুরুত্ব না দেওয়ায় ড্রেন নির্মাণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত রবিবার শহরের কলেজ পাড়া এলাকার পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দার বাড়ির সীমানা প্রাচীরে ভেঙে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে রোমান হোসেন (৩০) ও মো. রাসেল (২২) নামে দুই নির্মাণ শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় রমজান (২২) ও শাকিল (২৩) নামে আরও দুই শ্রমিক।
