কাশবনে তরুণীকে লাঞ্ছনা

ব্রাহ্মণবাড়িয়ায় বখাটে গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুণীকে লাঞ্ছনার ঘটনায় জুনায়েদ (২৪) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জুনায়েদ জেলা শহরের দক্ষিণ পৈরতলার আবদুল আওয়ালের ছেলে। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জুনায়েদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেছেন। তিনি ঘটনার মূল হোতা রহিমের বন্ধু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। জুনায়েদ ঘটনার সময় উপস্থিতদের নাম জানিয়েছেন। এই ঘটনার ভিডিও ধারণ করেন শাকিল নামের তাদের এক বন্ধু। আটকের পর জুনায়েদ আরও গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে জানিয়েছেন। কিন্তু তদন্তের স্বার্থে এখন এ বিষয়ে কিছু জানানো যাচ্ছে না।

ওসি (তদন্ত) শাহজাহান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। এতে প্রধান আসামি রহিমসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ফেইসবুকভিত্তিক একটি সংগঠন একটি ভিডিও পোস্ট করে। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার তরুণীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক তরুণী জেলা শহরের পুনিয়াউটের কাশবনে বেড়াতে যান। সেখানে তরুণীটিকে উত্ত্যক্ত করছে কয়েক তরুণ। তরুণীটি তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতিমিনতি করছেন। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত