অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন রবীন্দ্র সাহিত্য অনুরাগী, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী রাজনীতির এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ১৯৯৩ সালে কবি সুফিয়া কামালের নেতৃত্বে ৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধীদের দুষ্কর্ম অনুসন্ধানে গঠিত ‘জাতীয় তদন্ত গণকমিশনের’ সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন তিনি। যুদ্ধাপরাধীদের মামলার আপিল শুনানির ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে দেশ ও জাতি মুক্তিযুদ্ধের চেতনার একজন আইনজ্ঞকে হারিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, শিল্পী রফিকুন নবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীরপ্রতীক প্রমুখ।
