বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক।
জাতীয় দলের সাবেক এই ফুটবলার ও কোচ ‘ভিশন-২০৩৩’ ব্যানারে ২১ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন মঙ্গলবার। নিজের ইশতেহারে তৃণমূলের ফুটবলকে প্রাধান্য, সুনির্দিষ্ট ক্যালেন্ডার মেনে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন, জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামো ও ইনস্যুরেন্সের ব্যবস্থা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য দিয়েছেন।
এ ছাড়া আর্থিক অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন দেশের অন্যতম সেরা এই কোচ। প্রতিশ্রুতি দিয়েছেন ঘরোয়া ফুটবলে পাতানো খেলা চিরতরে বন্ধের।
৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। সভাপতি পদে লড়াই হবে শফিকুল ইসলাম মানিক ও কাজী সালাউদ্দিনের মধ্যে। বর্তমান সভাপতি সালাউদ্দিন এবার টানা চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচন করছেন। আগেই যিনি ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন।
এর আগে ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে টানা তিনবার সভাপতি নির্বাচিত হন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা সালাউদ্দিন।
এবার সভাপতি পদে সালাউদ্দিন ও মানিক ছাড়াও মনোনয়নপত্র কিনেছিলেন আরেক সাবেক ফুটবলার বাদল রায়। তবে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
বাদল রায় অবশ্য আগে থেকেই নির্বাচনের কথা বলে আসছিলেন। কিন্তু মানিকের সভাপতি পদে দাঁড়ানোটা ছিল বড় চমক। একেবারেই আলোচনার বাইরে থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন তিনি।
নির্বাচনে অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী মানিক, ‘কথা বলে (কাউন্সিলরদের সঙ্গে) যা বুঝলাম, ১০০ জনের মধ্যে ২০ জনও তাদের (সালাউদ্দিনদের) পক্ষে নেই। সম্মানিত ভোটাররা মুখে যা বলছেন, ভোটে তার প্রতিফলন দেখা গেলে নিশ্চিত সাফল্য আসবে।’
