শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না: মির্জা ফখরুল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ পিএম

দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে ৯ বছরের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের বিরুদ্ধে সকলকে রাজপথে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মঙ্গলবার রামু ট্র্যাজেডির স্মরণে বিএনপি সমর্থক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু-উখিয়া-পটিয়াবাসী বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটে।

ফখরুল বলেন, মানুষ বলে থাকে মানুষের মন ভাঙা আর মন্দির ভাঙা নাকি এক সমান। তাহলে শিশু বা নারীর ইজ্জতহানি করা একটা মসজিদ ও মন্দির ভাঙার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ পাপ বা অন্যায়। এই অন্যায়ের ৮ বছরেরও বিচার হয়নি।

রামুর ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, রামু ঘটনা আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন কিছু নয়, এটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তারই একটা প্রতিফলন। বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, সংবিধান নেই।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন. বর্তমানে গণতন্ত্র শব্দটা সংবিধান থেকে প্রত্যাহার হয়ে গেছে। প্রতিস্থাপিত হয়েছে এখানে লুটপাটতন্ত্র আর যৌনতন্ত্র। নারী নির্যাতনের এই ঘৃণ্যতম অধ্যায় একাত্তরের যুদ্ধে আমরা দেখেছি পাকিস্তানের বর্বরবাহিনীর কাছে।

সংগঠনের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে ও অপলেন্দু দাস অপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ড, দীপেন দেওয়ান, অর্পণা রায় দাশ, দেবাশীষ রায় মধু, সুশীল বড়ুয়া, নিপুণ রায় চৌধুরী, তরুণ দে প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত