জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে সংঘটিত দলবদ্ধ ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনপূর্বক দায়দায়িত্ব নিরূপণের জন্য বুধবার কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এক সদস্য বিশিষ্ট এই কমিটির সদস্য হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম রাব্বানী।
৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন।
