শেখ হাসিনা সরকারের সময়ে সন্ত্রাসীদের ক্ষমা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী হাতে দেশ থেকে জঙ্গিবাদ দমন করেছে। তাই এই সরকারের সময় কোন সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. এনামুর রহমান এ সময় আরও বলেন, সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের পরে সাভারে হত্যা, মাদক ও সন্ত্রাস বন্ধে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে মহল্লা মহল্লায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটি মহল্লায় টহল দেবে, যাতে সাভারে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, সমাজে সব ধরনের মানুষের সুযোগ সমান করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাভারে এবার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটিতে আশুলিয়ার খেজুর বাগানের বাসিন্দা তৃতীয় লিঙ্গের ব্যক্তি মিষ্টি চৌধুরীকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে।

সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু একজন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।

উত্তরাঞ্চলে বন্যার বিষয়ে তিনি বলেন, রংপুরে শ্যাম সুন্দর খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার কারণে সেখানে নতুন করে বন্যা শুরু হয়েছে। এ ছাড়া রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় সেখানে বন্যার্তদের মাঝে ইতিমধ্যে দুই হাজার প্যাকেট শুকনো খাবারের পাশাপাশি নগদ পাঁচ লাখ টাকা এবং দু্‌ই’শ মেট্রিকটন চাল দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় এ সময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত