চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে একজন বিদ্যুৎকর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রঘোনা আধুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত বিদ্যুৎকর্মীর নাম মোহাম্মদ আবুল কাশেম (৪০)। বাবার নাম মোহাম্মদ সাজু। তার বাড়ি রংপুর জেলায়। বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের অধিকাংশ ঝলসে গেছে।
গুরুতর অবস্থায় তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোকলেচুর রহমান জানান, আহত বিদ্যুৎ কর্মী একজন ঠিকাদার শ্রমিক। শাটডাউন না নিয়ে জনৈক জিয়া ঠিকাদারের অধীনে লাইনে কাজ করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক শিবু চন্দ জানান, লাইনে আপ-গ্রেডেশনের কাজ করার সময় উপরে উচ্চ ক্ষমতার লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটির উপরে বিদ্যুতের তারে আটকা পড়েন। পরে সহকর্মীরা ৪০ ফুট উচ্চতার খুঁটির উপর থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
